দুই দলই সংঘাতের পরিস্থিতি তৈরি করছে: গণসংহতি
নির্বাচনের আগে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য বড় দুই দলকে দায়ী করেছে গণসংহতি আন্দোলন।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, “এক দল হরতালের নামে দেশে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে। আর অন্যরা লাঠিয়াল বাহিনী দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মঙ্গলবার তোপখানা রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সাকি বলেন, বর্তমানে দেশে কোন পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এ নিয়ে দেশের বৃহৎ দুটি দল বিবাদে জড়িয়ে পড়েছে। দুই দলই তাদের প্রস্তাবিত নির্বাচন পদ্ধতিতে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসতে চায়।
“কিন্তু দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকলে এরকম হত না।”
সংবাদ সম্মেলনে হরতালে বিভিন্ন গণমাধ্যম কার্যালয় ও গণমাধ্যমকর্মীদের ওপর অব্যাহত হামলার নিন্দা জানিয়ে দোষীদের সনাক্ত করে শাস্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন আব্দুস সালাম, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার প্রমুখ।
