যুবলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় এক যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে যুবলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবসার উদ্দিন রিয়াদ (২৫) খুলশী থানার আমবাগান ঝাউতলার বাসিন্দা।
সোমবার গভীর রাতে টাইগারপাস সংলগ্ন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার এসআই শাহ আলম সরকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছ থেকে একটি রিভলভার, একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার গভীর রাতে খুলশী থানার আমবাগান ঝাউতলা এলাকায় কুপিয়ে হুমায়ুন কবীর মুরাদকে (৩৫) হত্যা করে দুর্বৃত্তরা।
মুরাদ চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝাউতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গ্রেপ্তার রিয়াদও স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানান তিনি।
চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত মুরাদ যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। তবে গ্রেপ্তার রিয়াদ যুবলীগ করত কি না জানা নেই।
আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিষয়টি দেখছে। তদন্তের পর কারণ জানা যাবে।
