চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের আমির ফের গ্রেপ্তার
জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটকে ফের গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক।
সোমবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি এস এম আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাফর সাদেকের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় বেশ কিছু মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এছাড়া সাতকানিয়া ও লোহাগাড়া থানার বিভিন্ন মামলার বিষয়ে স্ব-স্ব থানাকে জানানো হবে বলে ওসি জানান।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সাতকানিয়া ও লোহাগাড়ায় হামলা ও সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মামলায় গত ২৫ এপ্রিল দুপুরে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালের সামনে থেকে জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়ায় সাতকানিয়া ও লোহাগাড়ায় তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
লোহাগাড়ায় জামায়াতের হামলায় মারা যায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন। এর দুইদিন পর সাতকানিয়ায় সংঘর্ষে মারা যায় আরো তিনজন।
পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, ভাংচুর, সড়ক অবরোধ ও পুলিশ হত্যার ঘটনায় করা মামলার তালিকাভুক্ত আসামি জাফর সাদেক।
কেন্দ্রীয় কারাগার থেকে জানা যায়, বিভিন্ন মামলায় জাফর সাদেক জামিন পাওয়ার পর বিকাল সোয়া পাঁচটার দিকে কারগার থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
