‘আশার আলো’ দেখছেন সিইসি
প্রধান দুই দলের শীর্ষনেত্রীর ফোনালাপে ‘খুব আশার আলো’ দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
রোববার সন্ধ্যায় শেরে বাংলানগরের ইসি কার্যালয় থেকে বেরোনোর পথে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।
বিদ্যমান রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে বিরোধীদলীয় নেতাকে সোমবার গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিইসি বলেন, “আগেও তো দুই দলের যে বিভেদ ছিল বেশি, একেবারে আশার আলো ছিল না। এখন প্রধান দুই দলের ওয়াইড ডিফারেন্স কিছুটা হলেও কমেছে, এগিয়েছে। এটা ইতিবচাক।
“এই এগোনোতে আমরা আশার আলো দেখছি। এ পর্যায়টাকে উত্তীর্ণ হয়ে যেতে পারব।”
আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
এ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আচরণবিধি চূড়ান্ত করার কথা জানান সিইসি। এ জন্যে দুই দলের সমঝোতার অপেক্ষার কথাও জানান তিনি।
“এখনো আশা করি, সমঝোতা হবে বড় দুই দলে। এর আগে তড়িঘড়ি করে আচরণবিধি করে সব দরজা বন্ধ করতে চাই না আমরা। এখনো সময় রয়েছে, সমঝোতার দিকে তাকিয়ে আছি।”
সবার অংশগ্রহণে নির্বাচনের প্রত্যাশা করেন কাজী রকিব।
আচরণবিধি প্রণয়ন শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, “সবার জন্য সমান সুযোগ থাকবে। এ নিয়ে কোনো ছাড় নয়। নিশ্চয়তা দিচ্ছি- সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড করব আমরা।”
হরতালের আগে-পরে বোমাবাজিকে ‘বিক্ষিপ্ত ঘটনা’ বলে উল্লেখ করেন সিইসি।
