ঝিনাইদহে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা
ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাসের বাসায় তিনটি হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
১৮ দলের হরতালের প্রথম দিন রোববার রাতে এই ঘটনা ঘটে।
দুটি বোমা বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে ১৮ দলীয় জোট আহূত ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে বিভিন্ন স্থানে সরকার সমর্থকদের বাসা লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটছে।
উপজেলা চেয়ারম্যান কনক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১০টার দিকে কালো গেঞ্জি পরা দুজন যুবক তার বাসা লক্ষ্য করে তিনটি বোমা ছোড়েন। তিনি বাসার ভিতরে ছিলেন। সামনের কক্ষে কয়েকজন আওয়ামী লীগ কর্মী বসা ছিলো। দুর্বৃত্তরা বোমা মেরেই পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত বোমা উদ্ধার করে বলে জানান ওসি।
