২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমাবাজি-ভাংচুর, ছাড় পাননি অন্তঃসত্ত্বাও

বিচ্ছিন্ন সহিংসতা, ভাংচুর ও হামলার মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন কেটেছে চট্টগ্রামে। অন্তঃসত্ত্বাকে গাড়ি থেকে নামিয়ে আগুন দেয়ার মতো ঘটনাও ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 11:58 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

রোববার প্রথম প্রহর থেকেই নগরীতে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাংচুর ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

নগরীর বাইরে সীতাকুণ্ডে যুবলীগের ওপর শিবিরের হামলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাক-বাসে আগুন দেয় হরতালকারীরা। এছাড়া রাঙ্গুনিয়ার পোমরা ও ধামাইরহাটে ছাত্রদলের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

এর মধ্যে কুমিরায় সকালে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। পন্থিছিলার কেদারখীলে ছাত্রশিবির কর্মীদের হামলায় আহত হয়েছেন চার যুবলীগকর্মী।

এছাড়া পোমরা ও ধামাইরহাটে দুই দফা সরকার সমর্থকদের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়েছে।

এদিকে নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল পর্যন্ত আলমাস মোড়, বড়পুল কর্নেলহাট, অলংকার, চেরাগী পাহাড়, ওয়াসার মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হাতবোমা বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

হালিশহরে হরতালকারীদের ছোড়া হাতবোমার আঘাতে আহত হয়েছেন এক স্কুল শিক্ষিকা। এম এ আজিজ স্টেডিয়ামের পশ্চিম পাশে অন্তঃসত্ত্বা নারী ও তার স্বজনদের অটোরকিশা থেকে নামিয়ে গাড়িতে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

অন্যদিকে হরতালের সমর্থনে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এর বাইরে বায়েজিদ, বাকলিয়া, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে বিএনপিকর্মীরা অবস্থান নিয়ে পৃথক সমাবেশ ও মিছিল করে। 

মহাজোট সরকারের শেষ সময়ে ডাকা তিন দিনের হরতালের শুরুর দিন অন্যান্য সময়ের হরতালের তুলনায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভারী যানবাহন চলাচল ছিল অনেকটা কম। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গার্মেন্ট, সরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চলেছে।