মাথা ফেটেছে নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসকের
পিকেটারদের ছোড়া ইটের আঘাতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের মাথা ফেটে গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের রেলক্রসিং এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
তাকে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সন্ধ্যায় রেলক্রসিং এলাকার বাড়ি থেকে বের হয়ে ছোটবাজারে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পিকেটাররা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে তার মাথা ফেটে যায়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার জানান, মতিয়র রহমান খান মাথায় আঘাত পেয়েছেন। সম্ভবত ইটের আঘাতে তিনি জখম হয়েছেন। অবস্থা ভাল না হলেও আশঙ্কাজনক নয়।
