২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৮ দলের ব্যানারে সরব জামায়াত-শিবির

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ডাকা হরতালের সমর্থনে রাজশাহী মহানগরে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে ১৮ দলীয় জোট।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 03:25 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

কর্মসূচিতে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে বেশি।

তবে ১৮ দলের কর্মসূচি হলেও তাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।

মহানগর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাগরপাড়া বটতালা মোড়ে সমবেত হয় নগর ১৮ দলীয় জোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বটতলা মোড়ে বিএনপি ও জামায়াতসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়, যাতে বিএনপির চেয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি।

মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা বা কোনো ধরণের নাশকতা না চালাতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় তিনি মিছিল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কোনো বক্রোক্তি করা থেকে বিরত থাকতে বলেন।

শুক্রবার বিক্ষোভ মিছিল থেকে শিবিরকর্মীরা পুলিশকে কলার দেখিয়ে বক্রোক্তি করে, যার খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সেখান থেকে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী রেল স্টেশনে গিয়ে শেষ করে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু, দলের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহাগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল।

তিনদিনের সর্বাত্মক হরতাল পালনের জন্য যানবাহন, দোকানপাট ও অফিস আদালত বন্ধ রাখার জন্য সব পেশাজীবীদের প্রতি আহ্বান জানান মিনু।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, ১৮ দলকে শান্তিপূর্ণ মিছিল ও পথসভা করার মৌখিক অনুমতি দেয়া হয়। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও র‌্যাব সদস্যরা প্রস্তুত ছিল।