২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

অবশেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৩টি শর্তসাপেক্ষে শুক্রবার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 08:57 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

ওই শর্তাবলী পালন করা না হলে তাক্ষণিকভাবে সমাবেশের অনুমতি বাতিল করা হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে- সমাবেশ স্থলে মাইক ব্যবহার সীমাবদ্ধ রাখা, পযার্প্ত দলীয় (বিএনপি) নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া, উদ্যানের বাইরে মাইক ব্যবহার না করা, ফুটপাতে সমবেত না হওয়া, পুলিশের নির্দেশনা অনুযায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করা, উদ্যানের বৃক্ষের ক্ষতি না করা, সমাবেশের দুই ঘণ্টা আগে উপস্থিত হওয়া এবং ৫টার মধ্যে শেষ করা, পাশের রাস্তার যান চলাচলে বাধা সৃষ্টি না করা, আইনশৃঙ্খলা, জনস্বার্থ, রাষ্ট্র এবং জন নিরাপত্তাবিরোধী কাযর্কলাপ না করা, লাঠি, রড, বল্লম, কাস্তে প্রভৃতির ব্যবহার না করা ও মিছিলসহ সমাবেশে না আসা।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রায় দুই সপ্তাহ আগে শুক্রবারের এই জনসভার কর্মসূচি ঘোষণা করে। ওই সময় নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টন ময়দানে জনসভার অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করে তারা।

ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে রাজধানীতে কর্মসূচি পালনের ঘোষণা দিলে জনমনে সৃষ্টি হয় সংঘাতের আশঙ্কা। এই প্রেক্ষাপটে ২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।

বিরোধী দল যে কোনো মূল্যে নয়া পল্টনে সমাবেশ করার ঘোষণা দিলে ক্ষমতাসীনরাও মাঠে থাকার ঘোষণা দেয়।

এরই মধ্যে নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার দুপুরে আবারো ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে বিএনপি।

বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমির কাছে এ আবেদনপত্র জমা দেন।

এর ঘণ্টা চারেক পর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেয়া হলো।