২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন বিএনপির

সমাবেশের অনুমতি চেয়ে আবারো ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমির কাছে এ আবেদনপত্র জমা দেন।

আবেদনে শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে বলে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

তবে এই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে সাংসদ জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবুল খায়ের ভুঁইয়া মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট প্রায় দুই সপ্তাহ আগে শুক্রবারের এই জনসভার কর্মসূচি ঘোষণা করে। তখন নয়া পল্টন, সোহরাওয়ার্দি উদ্যান ও পল্টন ময়দানে জনসভার অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করে তারা।

এদিকে একই দিন আওয়ামী লীগও রাজধানীতে কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় গত ২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।

পুরনো খবর:

‘নয়া পল্টনে যে কোনো মূল্যে জনসভা’
‘প্রয়োজনে আইনের সর্বোচ্চ ব্যবহার’