২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভা করবই: ফখরুল

নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে যেভাবেই হোক শুক্রবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:12 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বুধবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “আমরা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করতে চাই। সরকারের প্রতি আবারো আহবান জানাচ্ছি- নিষেধাজ্ঞা তুলে নিয়ে শান্তিপূর্ন জনসভা করতে সহযোগিতা করুন।”

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবিতে আন্দোলনরত বিএনপি ২৫ অক্টোবর ঢাকায় জনসভা করার ঘোষণা দেয়ার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার প্রেক্ষাপটে ২০ অক্টোবর থেকে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।

ফখরুল বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ২৫ অক্টোবর নয়া পল্টনে জনসভা করবই। জোটনেত্রী খালেদা জিয়া ওই জনসভায় থাকবেন।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিবদের এই বৈঠক হয়। বৈঠকে জনসভার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশি নিষেধাজ্ঞার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এটা  সংবিধান, মৌলিক অধিকার ও গণতন্ত্রবিরোধী একটি সিদ্ধান্ত। গতকালও বলেছি, আজো আমরা বলেছি, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। নিষেধাজ্ঞা তুলে নিলে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে।”

এ ব্যাপারে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা।

সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি চলছে অভিযোগ করে তিনি বলেন, “মন্ত্রীদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পুলিশ বাহিনী সারাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। নারায়ণগঞ্জে গতকাল ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চৌদ্দগ্রামে আমাদের মিছিলে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। সিরাজগঞ্জেও একটি গ্রামে পুলিশ হামলা চালিয়েছে। মাদ্রাসায় পুলিশি তল্লাশি করেছে।”

তিনি সরকারকে হুঁশিয়ার করেন, এরকম ‘হয়রানি’ গণতন্ত্র, সমঝোতা ও কার্যকরী সংলাপের জন্য সহায়ক হবে না।

“আমরা সরকারকে বলে দিতে চাই, নির্যাতন ও গ্রেপ্তার চালিয়ে বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করা যাবে না।”

পুলিশ ২৫ অক্টোবরের জনসভা ঘিরে নাশকতার আশঙ্কা করছে- এ বিষেয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এটা গোয়েন্দাদের জিজ্ঞাসা করুন। যারা নাশকতার কথা বলছেন, আসলে তারাই নাশকতা করে থাকে। বিএনপি কোনো নাশকতার মধ্য দিয়ে সরকার পরিবর্তনে বিশ্বাস করে না।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সাবেক যে উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই আর জীবিত নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, “বিরোধীদলীয় নেতার এটি একটি প্রস্তাব। এখানে সমালোচনার কোনো কারণ নেই। এই প্রস্তাবকে ভিত্তি করে আলোচনা হতে পারে।”

তিনি জানান, জোটের বৈঠকে নির্দলীয় সরকারের ‘রূপরেখার’ জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানানো হয়েছে। সোমবার রাতে নয়া পল্টনের খালেদা জিয়ার গাড়িবহরের একটি মাইক্রোবাসে ‘পুলিশি হামলারও’ নিন্দা জানানো হয়।

মির্জা ফখরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, জাতীয় গণতান্ত্রিক পার্টির খন্দকার লুৎফর রহমান, পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামিক পার্টির মহাসচিব আবদুর রশীদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব শাহিনুর পাশা চৌধুরী, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ ভাসানীর মহাসচিব হাসনাত খান ভাসনী,  ইসলামী ঐক্যজোটে সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ তৈয়ব, ডিএল‘র যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাশ বৈঠকে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সমাবেশ করতে চাই, নিষেধাজ্ঞা তুলুন: ফখরুল