খালেদার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়: দিলীপ বড়ুয়া
নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে খালেদা জিয়ার প্রস্তাব বর্তমান সাংবিধানিক কাঠামোয় সম্ভবপর না হওয়ায় তা জটিলতা তৈরি করবে বলে মনে করেন মহাজোট শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব গ্রহণ না করে সোমবার পাল্টা প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।
ওই প্রস্তাবের পরদিন মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবকে মূল্যায়ন না করে বিরোধীদলীয় নেত্রী নির্বাচনকালীন যে সরকারের প্রস্তাব করেছেন, বর্তমান শাসনতান্ত্রিক বাস্তবতায় আদৌ সম্ভব নয়।”
এই প্রস্তাবের ফলে জনমনে শঙ্কা ও উদ্বেগ বাড়বে বলে মন্তব্য করেন সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক।
খালেদা জিয়া একজন ‘সম্মানিত নাগরিকের’ নেতৃত্বে সাবেক ১০ উপদেষ্টাকে নিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেন।
সেই প্রস্তাব অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনকে নিয়ে এ সরকার হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি পাঁচটি করে নাম প্রস্তাব করবে।
অন্যদিকে সংবিধানের মধ্যে থেকে নির্বাচনকালীন সরকারের পক্ষপাতি শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠন করে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ওই প্রস্তাবের মধ্যদিয়ে সঙ্কট এড়াতে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতিফলন ঘটেছে মন্তব্য করে দিলীপ বড়ুয়া বলেন, “উনার (খালেদা জিয়া) প্রস্তাবের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে অবমুল্যায়ন করা হয়েছে। যার ফলে চলমান রাজনৈতিক সঙ্কট গভীরতর হবে।”
এর ফলে গণতন্ত্র হুমকির সম্মুখীন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান।
