নারায়ণগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার আশঙ্কায় নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে বিএনপির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবও রয়েছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, আগামী ২৫ অক্টোবর বিএনপির কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, রাত দেড়টার দিকে শহরের মিশনপাড়া এলাকার বাসা থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। এরপর স্বেচ্ছা সেবকদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক রুবাইয়াত রহমান এবং নগর কৃষক দলের সহ-সভাপতি সেলিমকেও গ্রেপ্তার করা হয়।
এছাড়া জেলা বিএনপির সভাপতিসহ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে ব্যানার-ফেস্টুন ও খালেদা জিয়ার ছবি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তবে এ অভিযোগ নাকচ করেছেন পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান।
বাসায় থাকা ব্যানার, ফেস্টুন ও অন্যান্য জিনিসপত্র পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলকে দমন, পীড়ন ও নিপীড়ন করতে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে ৩০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।”
পুলিশ তার বাড়ির নিরাপত্তা প্রহরীকে মারধর করে ব্যানার- ফেস্টুন ও খালেদা জিয়ার ছবি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
গ্রেপ্তার আতঙ্কে অনেকে আত্মগোপনে রয়েছেন বলেও জানান জেলা বিএনপি সভাপতি।
