২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার প্রস্তাবে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া

নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক অঙ্গনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 01:31 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মহাজোট নেতাদের বক্তব্য, বিএনপি চেয়ারপারসন নতুন কিছু বলেননি। অন্যদিকে ১৮ দলীয় জোট নেতারা বলছেন, এই প্রস্তাব ভারসাম্যপূর্ণ।

অন্যদিকে দুই জোটের বাইরে থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের মতে, দুই নেত্রী দুটি প্রস্তাব দিয়েছেন, এখন তার ভিত্তিতে সংলাপ হতে পারে।

সাধারণ মানুষেরও চাওয়া, দুই প্রধান দল আলোচনায় বসে একটা সমাধানে পৌঁছুক।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পর এনজিওকর্মী মরিয়মনেসা মুন্নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী নির্বাচন নিয়ে দুই দল ঐকমত্যে পৌঁছাতে পারলেই দেশে শান্তি আসবে।”

খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে বলেন, “বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা দিয়েছেন তা ভারসাম্যপূর্ণ এবং অত্যন্ত নিরপেক্ষ। দেশের এবং একটি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই প্রস্তাব সরকারের গ্রহণ করা উচিত।”

তবে তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী একটি রূপরেখার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, বিকল্প ধারা কয়েকদিনের মধ্যেই একটি ‘চিরস্থায়ী’ রূপরেখা দেবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবে নতুন কিছু দেখছেন না।

“খালেদা জিয়া আসলে হাত ঘুরিয়ে উনার পুরনো কথাই বলেছেন।”

“তিনি যে প্রস্তাব দিয়েছেন, সেটা তিনি নিজেই বিশ্বাস করেন না। ১৯৯৬ এর নির্বাচনের পর তিনি বলেছিলেন, নির্বাচন নিরপেক্ষ হয়নি। তাহলে ওই সময়ের উপদেষ্টাদের নিয়ে সরকার গঠনের প্রস্তাব কতটা যৌক্তিক?”

প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একটি প্রস্তাব দেন খালেদা জিয়া।

তিনি ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে আগামী নির্দলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার মধ্যে পাঁচজনের নাম প্রস্তাব করবে বিএনপি এবং পাঁচজনের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করে মহাজোট নেতা মেনন বলেন, “খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তা মানতে হলে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু আমরা বলেছি, বর্তমান সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন হবে।”

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রতিক্রিয়া জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।”

সিপিবি সভাপতি সেলিম বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে বলেন, “উনি যে ফর্মুলা দিয়েছেন, সেটা অন্যগুলোর মতো একটা ফর্মুলা। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দিয়েছেন, উনিও দিয়েছেন।

“আরো অনেক ফর্মুলা আছে। সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে।”

খালেদা জিয়ার সামগ্রিক বক্তব্যের বিষয়ে সেলিম বলেন, “বিরোধী দলীয় নেতা পরিবর্তনের কথা বলেছেন। তবে আর্থ-সামাজিক ব্যবস্থার পরিবর্তন না করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। তিনি সে বিষয়ে কিছুই বলেননি।”

পুরনো খবর:

পাল্টা প্রস্তাব খালেদার, আলোচনার আহ্বান