‘খালেদার প্রস্তাব জাতির আকাঙ্খার প্রতিফলন’
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাবে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সন্ধ্যায় নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে শ্রমিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
২৫ অক্টোবর নগরীর লালদীঘির ময়দানে বিএনপির সমাবেশের আয়োজন নিয়ে আলোচনা করতেই সভার আয়োজন করা হয়।
সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ যে প্রস্তাব দিয়েছেন তাতে জাতির আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।
‘সরকারের উচিত দেশনেত্রীর প্রস্তাব গ্রহণ করে দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে দেশ ও জাতিকে বর্তমান সংকট থেকে মুক্তি দেয়া।,
তিনি বলেন, ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ সফল করার মধ্য দিয়ে চট্টগ্রামের জনগণ স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।
লালদীঘি মাঠে সমাবেশ করা নিয়ে নিয়ে মুখোমুখি অবস্থানে নগর আওয়ামী লীগ ও বিএনপি।
নগর আওয়ামী লীগ আগামী ২৫ ও ২৬ অক্টোবর লালদীঘিতে সমাবেশের ঘোষণা দিয়েছে। এদিকে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর লালদীঘি মাঠ ব্যবহারের জন্য অনুমতি নেয়া হয়েছে বলে দাবি করেছে নগর বিএনপি।
এবিষয়ে আমীর খসরু বলেন, “ওইদিন চট্টগ্রামের রাজপথ গণতন্ত্রকামী জনতার দখলে থাকবে। আশা করি, প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে।”
তিনি বলেন, “লালদীঘি মাঠ কর্তৃপক্ষ সমাবেশ করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছে।
“অনুমতি ছাড়া কেউ জোর করে সমাবেশ করাতে চাইলে, আশা করি, প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার ও নগর শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম সরকার।
