২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনার পর জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 09:50 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

রোববার রাতে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক শুরুর ঠিক আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে ১৮ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি। বিএনপি নেতারা বলেছেন, সোমবার সংবাদ সম্মেলনে তা তুলে ধরবেন খালেদা জিয়া।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা। তার একদিন পর জোটের নেতাদের সঙ্গে বসলেন তিনি।

বৈঠকে ছিলেন- এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আমির আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, জমিয়তে উলামা ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব শাহীনুর পাশা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি।

সরকার পতনে ২৫ অক্টোবর চূড়ান্ত আন্দোলন শুরুর ঘোষণা দেয়ার পর এই বৈঠক দুটি ডাকা হলেও এর মধ্যেই গত শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়ে তাতে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

ওই প্রস্তাব পাওয়ার পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর আগে দলীয় ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

সোমবার সংবাদ সম্মেলনের কথা জানিয়ে রোববার এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে তার দল যাবে না এবং তা হতেও দেয়া হবে না।

জোটের নেতাদের সঙ্গে খালেদার বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পাশাপাশি রাজধানীতে সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা এবং ২৫ অক্টোবরের ঘোষিত জনসভা নিয়েও আলোচনা হয়।

ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ অক্টোবর জনসভা করা হবে।

“তাতে সরকার বাধা দিলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।”

দশম সংসদ নির্বাচনের দিন গণনার প্রথম দিন ২৫ অক্টোবর বিএনপি ঢাকায় সমাবেশের কর্মসূচি দেয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দেয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ঢাকা মহানগর পুলিশ সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানানো হয়। এর প্রতিবাদে রোববার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশও করে বিরোধী দল।

পুরনো খবর:

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা গণতন্ত্র হত্যার চক্রান্ত: বিএনপি