সিদ্ধান্ত জানানোর আগে শরিকদের সঙ্গে বসছেন খালেদা
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব এবং রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে।
এই বৈঠকের পরই প্রধানমন্ত্রীর প্রেস্তাবের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক জবাব জানা যাবে।
রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাব, সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা আরোপ, ২৫ অক্টোবর ঢাকায় বিএনপির জনসভার বিষয়সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।’’
নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের বিষয়েও বৈঠকে কথা হবে বলে জানান রিজভী।
বৈঠকের পর সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
ওই বৈঠক চলাকালেই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে রোববার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে বিরোধী দলের সদস্যদের নাম আহ্বান করেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই।
নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপি দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে ২৫ অক্টোবর ঢাকায় জনসভার কর্মসূচি দিয়েছে। একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দেয়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা।
এই প্রেক্ষাপটে পুলিশ রোববার সকাল থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
