সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি
রাজধানীতে সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে রোববার সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি।
শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে রোববার সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
তিনি বলেন, “সরকার ঢাকায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে আদেশ মহানগর পুলিশ জারি করেছে। তা বেআইনি, অসাংবিধানি ও গণতন্ত্র হত্যার চক্রান্ত বলে আমরা মনে করি। এটা সরকারের ভিন্ন লেবাসে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার অংশ।”
পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলেও জানান বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব।
সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে।
একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলে মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এরমধ্যেই পুলিশ অনির্দিষ্টকালের জন্য মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
