সংগ্রাম কমিটি গঠন নিয়ে বিএনপির সংঘর্ষ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নির্বাচন প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠন করা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার এ সংঘর্ষের সময় স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফার প্রাইভেটকার জ্বালিয়ে দেয়া হয়।
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করতে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এলাকায় এলাকায় সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেন।
ক্ষেতলাল থানার ওসি ইকবাল আনোয়ারুল হক জানান, ক্ষেতলাল উপজেলা সংগ্রাম কমিটির বৈঠক চলাকালে কমিটিতে স্থান পাওয়া নিয়ে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফার নেতৃত্বাধীন বিএনপি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় জাসাস-এর সহসভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বাধীন গ্রুপের কর্মীদের হাতাহাতি ও সংর্ঘষ হয়।
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ও ক্ষেতলাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির সবস্তরের নেতাকর্মীদের নিয়ে সংগ্রাম কমিটি গঠনের জন্য কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে সংসদ সদস্য গোলাম মোস্তফা তার নিজের গ্রুপের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করতে চাইলে কোন্দলের সূত্রপাত হয়।
তবে এ ঘটনাকে ‘আওয়ামী লীগের সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের’ হামলা বলে অভিহিত করেছেন সংসদ সদস্য গোলাম মোস্তফা।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
