সরকার কথা বলার সব পথ বন্ধ করে দিচ্ছে: ফখরুল
আগামী ২৫ অক্টোবর দুই প্রধান দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে বিএনপি।
“এভাবে তারা (সরকার) মানুষের কথা বলা এবং প্রতিবাদ জানানোর স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে,” বলেছেন দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে শনিবার পুলিশের সিদ্ধান্ত জানানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে।
একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলে মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এরমধ্যেই পুলিশ অনির্দিষ্টকালের জন্য মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
ফখরুল বলেন, “অবস্থাটা এমনি যে ঘরের সবগুলো জানালা বন্ধ করে দেয়া হচ্ছে। দেশের মানুষ এক শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে, কেউ কথা বলতে পারবে না, প্রতিবাদ জানাতে পারবে না।
“সেই যেন হীরক রাজার দেশের অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এই সরকার।”
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পরদিন মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপকে সরকারের ‘দ্বিমুখী’ আচরণ হিসেবে দেখছে বিএনপি।
“সরকার ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়েছে। একদিকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা ও রক্ষার কথা বলছেন। নির্বাচনকালীন সময়ে দলীয় সরকারের অধীনে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিচ্ছেন।
“অন্যদিকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন।”
“এ থেকে বোঝা যায়, সরকারের ভেতরে গণতন্ত্রের লেশমাত্র নেই। আমরা মনে করি, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক হলে, আজকে সভা-সমাবেশের ওপর পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করত না।”
ফাইল ছবি
“গণদাবি নির্দলীয় সরকারের পক্ষে বিরোধী দল যেন আন্দোলন করতে না পারে, গণঅভ্যুত্থান সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার পুলিশ দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করছে।”
রোববার ঢাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনটির নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এসব করে কোনো লাভ হবে না। ইতিহাস থেকে শিক্ষা নিন। এহেন তৎপরতার জবাব আন্দোলনে দেয়া হবে।”
জাতীয় প্রেসক্লাবে দেশ মাতৃকা পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
সংগঠনের সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাংসদ রাশেদা বেগম হীরা, আইনজীবী তুহিন মালিক, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান বক্তব্য রাখেন।
