মরা গাঙে জোয়ার আসবে না, বিএনপিকে কাদের
আন্দোলনের নামে সহিংসতা করলে সরকার বসে থাকবে না বলে বিরোধী দলকে সতর্ক করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাদের বলেন, বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ধরে নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হচ্ছে। বিরোধী দল সহিংস আন্দোলনের পথে গেলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
“তারা আন্দোলনের নামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে প্রশাসন বা সরকার বসে থাকবে না।”
বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “এরমধ্যে তো আপনারা অনেক আন্দোলনের ডাক দিয়েছেন। রোজার পর, কোরবানির পর, পরীক্ষার পর কোনো আন্দোলন তো দেখলাম না সফলতার মুখ দেখেছে।
“আসলে আন্দোলন বিষয়টা আমাদের দেশে মরা গাং হয়ে আছে। এ মরা গাঙে জোয়ার সৃষ্টি করা খুবই কঠিন।”
ফাইল ছবি
জনগণ এখন নির্বাচনমুখী মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নিয়ে আন্দোলন করা এখন প্রায় অসম্ভব।
সরকারের একতরফা নির্বাচন করতে চায় না জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের দিয়ে তিন দফা জনমত জরিপ করিয়েছেন। এখন আরেকটা জরিপ চলছে।
“আমরা যদি ওয়ান সাইডেড বা দায়সারা গোছের নির্বাচন করতাম তাহলে এসব বৈঠক, জরিপ ও ভোটাভুটি করতাম না।”
কোনো নেতা বেপরোয়া গাড়ি চালকের মতো কথা বলেন- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “এসব নেতার বেপরোয়া কথার কারণে দেশ ও সরকার বিব্রতকর অবস্থায় পড়ে।”
এসময় ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
