‘আন্দোলন জমাতে না পেরে মুখে এখন অস্ত্রের ভাষা’
২৫ অক্টোবর সশস্ত্র প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নির্দেশ দেয়ার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “আন্দোলনের ভাঙ্গা হাট জমছে না বলেই বিরোধী দল এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।”
ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সাদেক হোসেনের বক্তব্যের একদিন পর মঙ্গলবার মুন্সীগঞ্জে মাওয়া ঘাট পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান।
বিরোধী দলের ২৫ অক্টোবরের জনসভায় বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করে খোকা বলেন, “পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা,-কুড়াল,-বল্লম,-খন্তা,-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
ওবায়দুল কাদের বলেন, “তার মুখে অস্ত্র এবং হুমকি-ধমকি একবারেই শোভা পায় না। গণতান্ত্রিক ভাষায় কথা বলতে শিখুন। এসব উশৃঙ্খল কথা বলে একটি গোষ্ঠীকে সুবিধা দেয়া যায়, এ থেকেই গুজব ছড়ায়।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুর দিন ২৫ অক্টোবর ঢাকায় জনসভার ঘোষণা দিয়েছে।
সেদিন আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দেয়ায় দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বরাবর ব্যাপক ব্যস্ততা থাকলেও এবার ছুটি বেশি হওয়ায় ঈদের এক দিন আগে মঙ্গলবার মাওয়া ঘাটের চিত্র ছিল ব্যতিক্রম।
সকাল থেকে ঘাটে কোনো যানজট ছিল না। যেসব গাড়ি এসেছে, সেগুলো নির্বিঘ্নে পার হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, “ঘাটে গাড়ি একেবারেই নেই। ১৬টি ফেরি সচল থাকায় গাড়ি আসামাত্রই ফেরিতে উঠে যাচ্ছে।”
ঈদে মাওয়াকে যানজটমুক্ত রাখতে ১০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় পণ্যবোঝাই ট্রাকগুলোকে আটকে দেয়া হয়।
তবে বাসের সংখ্যা কম বলে ট্রাকগুলোকে পারাপার করিয়ে দেয়া হবে বলে সিরাজুল হক জানান।
