ঈদকার্ডে দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময়
ঈদকার্ডের মাধ্যমে কোরবানির ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (উপ সচিব) শেখ আখতার হোসেন রোববার বেলা ১টায় শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেন।
বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান ওই ঈদ কার্ড গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান।
এরপর বেলা দেড়টার দিকে সুরাতুজ্জামান বিরোধী দলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
শেখ আখতার হোসেন তা গ্রহণ করেন বলে সুরাতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
দীর্ঘদিন দুই নেত্রীর মুখোমুখি সাক্ষাৎ না হলেও প্রতি ঈদ ও নববর্ষের আগে তারা কার্ড পাঠিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশের মুসলমানরা আগামী ১৬ অক্টোবর ঈদুল আযহা উদযাপন করবে।
