উন্নয়ন কাল্পনিক প্রচারণা: খালেদা
বর্তমান সরকারের পাঁচবছরে উন্নয়ন হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যেটা হয়েছে তা কাল্পনিক প্রচারণা।
মঙ্গলবার বিকালে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “গত পাঁচ বছর ধরে উঁচুগলায় উন্নয়নের কাল্পনিক প্রচারণা শুনতে শুনতে সকলের কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু সব কিছু ডুবে যাচ্ছে সংকট ও অনিশ্চয়তার আবর্তে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের’ উদ্যোগে ‘দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এই মতবিনিময় ও আলোচনা সভা হয়।
এতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিদের মধ্যে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, মাহবুবুর রহমান, এম এ কাশেম, আকরাম হোসেন, মীর নাসির হোসেন, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশনের নেতা অলিউর রহমান, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ আউয়ালসহ শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনে সরকারকে সমঝোতায় পথে আসার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তারা সমঝোতার পথে না এলে একদলীয় নির্বাচন প্রতিহত করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “আশা করি তারা সমঝোতার পথে আসবেন। দেশকে হানাহানি ও আরো অনিশ্চয়তার পথে আর ঠেলে দেবেন না।”
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ অক্টোবরের পর দেশের পরিস্থিতির সম্পর্কে খালেদা জিয়া বলেন, “নির্দলীয় সরকার না দিয়ে যদি একতরফাভাবে নির্বাচনের পথে এগিয়ে যায়, তাহলে আমরা প্রতিহত করব। আমি সিলেটেও বলেছি, আজো বলছি, ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটির গঠন করে ওই ভোট প্রতিহত করা হবে।”
“ব্যবসায়ীদেরও একদলীয় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
বর্তমান সরকারের পরিবর্তনে আর মাত্র ‘কয়েকদিন’ বাকি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “সামনে দেশের সুদিন আছে। আমরা ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব সরকার গঠন করব।”
তিনি অভিযোগ করেন, সরকারি পৃষ্ঠপোষকতায় পোশাক শিল্প ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। ব্যবসায়ী সংগঠনগুলো দলীয়করণ করা হয়েছে। কেবল তাই নয়, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।
আগামীতে ক্ষমতায় গেলে বিএনপির করণীয় তুলে ধরে খালেদা জিয়া বলেন, “শাসনতান্ত্রিক সংস্কার, রাষ্ট্রকাঠামোর যুগোপযোগী বিন্যাস, আইনসভা ও বিচারালয়ের দক্ষ কার্যকারিতা প্রতিষ্ঠা, শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ, সুশাসন, ব্যবসা-বাণিজ্যের প্রসার,বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান, শান্তি-স্থিতি নিরাপত্তার বিষয়ে নীতিমালা ও কর্মকৌশল আমরা সম্পাদন করেছি। আমরা নতুন ধারার রাজনীতি ও যুগের চাহিদার আলোকে নতুন ধারার সরকার গঠন করব।”
তার সরকারে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী চলমান আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন চেয়ে বলেন, “পাঁচ বছর পর একটি ভোট। সেই ভোটের আওতা থেকে ব্যবসায়ীরা বাইরে নন। সরকার সেই ভোটকে চুরি করে নিয়ে যেতে চায়। তাই ঈদের পর ভোটের আন্দোলন ব্যবসায়ীদের মাথায় রাখতে হবে।”
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রবৃদ্ধি দুই ডিজিটে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খসরু।
বিজেএমইএ‘র সভাপতি আতিকুল ইসলাম বলেন, “পোশাক শিল্পের আমাদের দেশের লাইফ লাইন। পোশাক শিল্প ও শ্রমিকদের নিয়ে কেউ রাজনীতি করলে তা দেশের জন্য শুভ হবে না। দেশে যে সংকট তৈরি হয়েছে সরকার ও বিরোধী দলকে একত্রিতভাবে তার নিরসনে কাজ করতে হবে- এটাই আমরা প্রত্যাশা করি।”
অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক বাণিজ্য উপদেষ্টা দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।
দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিজেএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জমান, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার, বাংলাদেশ এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মুশের্দী, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সহসভাপতি আবদুল মান্নান।
এছাড়া পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক মো. জালাল উদ্দীন, আবদুল মোতালেব, চাপাই নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল ওয়াহেদ, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি লুৎফর রহমান, সিএনজি স্টেশন মালিক সমিতির সভাপতি জাকির হোসেন, ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান খোকন, রিহ্যাব এর সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন খান, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
