ভারতকে খুশি রাখতে রামপালে বিদ্যুৎ কেন্দ্র: বিএনপি
দেশে বিরোধিতা সত্ত্বেও ক্ষমতায় থাকতে ভারতের সমর্থনের আশায় সরকার সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপনের প্রতিক্রিয়ায় সোমবার এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
গত শনিবার রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে এই প্রকল্প নির্মাণের বিরোধিতা করছে পরিবেশবাদীরাসহ বাম সমর্থিত তেল-গ্যাস রক্ষা কমিটি। ভারতের সঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করছে বিএনপিও।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল বলেন, “ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছ থেকে আনকন্ডিশনাল সাপোর্ট পেতেই এই প্রকল্পে রাজি হয়েছে সরকার। এতে তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে বলে আমরা মনে করি।”
মানুষ ও পরিবেশের স্বার্থে এই প্রকল্পের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভারতীয়দের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।
জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে ‘কার স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন, “রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত।
“এই প্রকল্পের ফলে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটবে।”
সংরক্ষিত বনাঞ্চলের পাশে এই প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে এই আইনজীবী বলেন, “দেশের পরিবেশবিদ, বিজ্ঞানীসহ সব শ্রেণি-পেশার মানুষ সুন্দবনের কাছে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করছে।
ফাইল ছবি
আগামী নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের জন্য সরকারকে দায়ী করে রফিকুল বলেন, “দুর্নীতি, লুটপাটের ভয়ে সরকার বুঝে গেছে, তারা ক্ষমতায় না থাকলে বিচারের মুখে পড়তে হবে। সেজন্য আবার ক্ষমতায় যেতে তারা একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে।”
নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবিতে ২৪ অক্টোবরের পর আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নবগঠিত দল বিএনএফের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, “আজ্ঞাবহ ইসি সরকারের কথা মতো সব নিয়মকানুন উপেক্ষা করে বিএনএফকে নিবন্ধন দিতে চাচ্ছে। তাদের অধীনে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
এই আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ বি এম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।
