১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে: খালেদা

সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

তিনি বলেন, “রামপালে  কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দবন ধ্বংস হয়ে যাবে। জলবায় পরিবর্তন হয়ে যাবে। পানির লবণাক্ততা বৃদ্ধি পাবে। নদী নষ্ট হয়ে যাবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। বাঘ-হরিণ-কুমিরসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। তারা ওইদিকে (ভারত) চলে যাবে।’’

শনিবার সিলেট নগরীতে বিরোধী ১৮ দলীয় জোটের জনসভায় একথা বলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপার্সন বলেন, আমরা বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের বিরোধী নই। তবে তা কোনোভাবে রামপালে হতে দেয়া হবে না। অন্য কোথাও করলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’’

ভারত সরকার তাদের সুন্দরবন অংশে একই রকম বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েও সফল হতে পারেনি উল্লেখ তিনি বলেন, “তাদের দেশেও সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার চেষ্টা করেছিল, বাধার মুখে তা হয়নি। এখন বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে।”

সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ভিত্তিস্থাপন করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন, “আপনি ওটা (রামপাল বিদ্যুৎ কেন্দ্র) উদ্বোধন করেছেন, এটা ওইখানেই শেষ হতে হবে।”

“এই বিদ্যুৎ কেন্দ্র হলে আমরা কেউ রক্ষা পাবো না।”

তবে রামপাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী বলেন, “কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অনেকে আন্দোলন করছে, চিৎকার করছে। এটা যারা করছে তাদের বলছি, বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হয়ে গেছে। সেখানে কি কোনো ক্ষতি হয়েছে?

“রামপালের জন্য এই আন্দোলন কেন, সেটা ভেবে দেখা দরকার। বিরোধিতার উদ্দেশ্য কী, তা বের করা দরকার।”

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে মনমোহন সিংও সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ক্ষতি এড়াতে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।

সুন্দরবনের ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বাম দলগুলো সমর্থিত তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সম্প্রতি লংমার্চ করেছে। প্রধান বিরোধী দল বিএনপিও এ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে আসছে।