বুকে ব্যথা, মওদুদ হাসপাতালে
বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মওদুদ আহমদের ব্যক্তিগত সচিব শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ দলীয় জোটের জনসভায় অংশ নিতে শনিবার সিলেটে গিয়েছিলেন মওদুদ আহমদ। সেখানেও তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। রোববার সকালে ঢাকায় ফেরার পর দুপুরে তিনি বাথরুমে পড়ে যান।
এর পরপরই তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান।
সংসদ সদস্য মওদুদকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন।
তিনি বলেন, ৭৪ বছর বয়সী এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বিকালে তার একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল।
মওদুদ আহমদে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে হাসপাতালে যান বলে জনি জানান।
