২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের মুখোশ খুলে গেছে: ফখরুল

নির্বাচনের সময় আওয়ামী লীগ কী করবে- তা দলটির নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্যেই ফুটে উঠেছৈ বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

তিনি বলেছেন, ওই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের যৌক্তিকতা ফুটে উঠেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বুধবার এক সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, “সরকার যে হুকুম দেবে, তা সবাইকে মেনে চলতে হবে। নইলে বাড়ি পাঠিয়ে দেয়া হবে।”

এর প্রতিক্রিয়ায় ফখরুল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সভায় বলেন, “নাসিম সাহেবের বক্তব্যে আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তাদের অধীনে নির্বাচন হলে তখন তারা কী করবে, আজ তা পরিষ্কার হয়ে গেছে।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দশম সংসদ নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে আন্দোলন করছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার বরণ্য মুক্তিযোদ্ধাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে পদে পদে হেয় করা হচ্ছে। রাজনীতিবিদদের জেলে পাঠানো হচ্ছে।

“সাড়ে চার বছরে সরকার এমন সব কাজ করেছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সব অপকর্ম করে যাচ্ছে।”

পোশাক খাতে অস্থিরতার জন্য নাম উল্লেখ না করে শাজাহান খানের সমালোচনা করে ফখরুল বলেন, “পোশাক শিল্পে কোনো গোলযোগ ছিল না। এক মন্ত্রী ঢাকায় শ্রমিকদের জোর করে এনে সমাবেশ করার পরদিন অস্থিরতা সৃষ্টি হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পোশাক শিল্প নিয়ে দেশি-বিদেশি ‘চক্রান্ত’ চলছে বলেও দাবি করেন বিএনপি নেতা।

সাংবাদিক আতাউস সামাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।

আতাউস সামাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তিনি সব সময় দেশের ক্রান্তিকালে জনগণের  পক্ষে কথা বলেছেন।”

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক শফিক রেহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা গণপরিষদের মহাসচিব সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।

দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুবার্ষিকীতে সকালে জাতীয় প্রেসক্লাবে আমার দেশের উদ্যোগে স্মরণসভা হয়। সন্ধ্যায় কারওয়ান বাজারের পত্রিকার কার্যালয়ে মিলাদ মাহফিল হয়।