অংশ না নিন, বাধা দিবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধী দলের নির্বাচনে অংশ না নেয়ার হুমকির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ না নেয়া তাদের নাগরিক অধিকার। তবে বাধা দিলে শক্ত হাতে তা প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরের ভবন উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “কোন ব্যক্তি বা মহল বিশেষ যদি বলতে চায় নির্বাচনের মূল ভিত্তি স্থাপনে তারা নির্বাচনে অংশ নিবে না, সেক্ষেত্রে আমরা বলব এটা আপনাদের নাগরিক অধিকার, আপনারা তাই করুন।
“কিন্তু তার বাইরে আরেকটি পদক্ষেপ নিয়ে আপনারা যদি বলেন আমরা নির্বাচনে বাধা দিব তখন রাষ্ট্রের সর্বাত্মক শক্তি ও সরকারের দৃঢ়তা দিয়ে আমরা প্রতিহত করব।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর বিএনপি ও এর শরিকরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
র্যাবের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু সকল অপরাধ এ যুগের বিবর্তনে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত সেহেতু তাদের সমূলে বিনষ্ট, উৎখাত করা র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর দায়িত্ব।
“এসব দায়িত্ব পালনে অন্যান্য বাহিনীর তুলনায় র্যাব অনবদ্য উদাহরণ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আমরা শুনতে পারছি ২৫ অক্টোবরের পর দেশে চরম নৈরাজ্য সৃষ্টি হবে এবং সেটি বলাও হচ্ছে। তারা হয়তো জানে না ২৫ অক্টোবর বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকারে রূপ নিবে না।
“যখন নির্বাচনের ‘শিডিউল ডিক্লেয়ার’ করা হবে তখনই এ সরকার অন্তবর্তীকালীন সরকারে রূপ নিবে।”
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব কাজ করছে জানিয়ে চট্টগ্রাম ১০ আসনের সাংসদ এমএ লতিফ টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে যারা মানবাধিকারের কথা বলে তাদের সমালোচনা করেন।
তিনি বলেন, “যারা ক্রস ফায়ারের সমালোচন করে টিভিতে কথা বলেন, আমি তাদের বলতে চাই সাধারণ মানুষ তার স্বামী অফিসে গেলে, সন্তান স্কুলে গেলে আতঙ্কিত থাকে।
“আপনারা যারা টিভির পর্দায় বসে ক্রসফায়ারের সমালোচনা করেন, তারা সাধারণ মানুষের আহাজারি বোঝেন না। যাদের ভয়ে মানুষ কথা বলতে পারেন না, আদালতে সাক্ষী দিতে পারে না, তাদের অপরাধ দমনেই র্যাব কাজ করছে।”
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘ক্রসফায়ার’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোন অপরাধীকে সাবধান করার পরও যখন সে পালাতে চায়, অপরাধীকে ধরতে যাওয়ার পথে সে বা তার সহযোগিরা র্যাব বা নিরাপত্তা বহিনীকে আক্রমণ করে, তাদের আত্মরক্ষার্থে এটাকে প্রথাগত ক্রসফায়ার বলা ও বোঝা ভুল হবে।”
জগণের কল্যাণেই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রামের পুলিশ সুপার কেএম হাফিজ আকতারসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
