২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 10:15 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সন্ধ্যায় শাহবাগে গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি নিবার্চনে অংশগ্রহণ করবেন না, দুপুর ১২টায় ঘুম থেকে উঠবেন- সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। এখানে কারো কিছু বলার নেই।

“কিন্তু আপনি যদি বলেন- নিবার্চন করবো না, কাউকে করতে দিব না। তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। হতে দেয়া হবে না। প্রয়োজনে রাষ্ট্রের সার্বোচ্চ শক্তি দিয়ে নিবার্চন করা হবে।”

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর বিএনপি ও এর শরিকরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না।
 

তবে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন না করার বিষয়ে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

স্বাধীনতা যুদ্ধে একমাত্র নারী কমান্ডার আশালতা বৈদ্যের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিবাহিনীর ৮ ও ৯ নম্বর সেক্টর অধীন হেমায়েত বাহিনীর কমান্ডার হেমায়েত উদ্দিন বীর বিক্রম, আশালতা বৈদ্য ও নারী মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

হেমায়েত উদ্দিন যুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি নারী মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ সনদ দেয়ার আহ্বান জানান।

এর জবাবে মন্ত্রী বলেন, “হেমায়েত উদ্দিন যাকে যাকে সনদ দেয়া সুপারিশ করবেন, আমি তাদেরকে সনদ দেয়ার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবো।”

অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধা লাইলী বেগম, সালেহা বেগম, কাঞ্চন মালা, স্বর্ণলতা ও  পরীমলা সিকদার তাদের তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন।