২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভা ছোট হওয়ার আভাস নেই: ওবায়দুল কাদের

নির্বাচনের সময়ে মন্ত্রিসভা ছোট হওয়ার কোনো আলোচনা এখনো হয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

সংবিধান অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে।

সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী নির্বাচনের এই সময়ে নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় থাকবে, যা গত দুই যুগে বাংলাদেশ দেখেনি বললেই চলে। 

নির্বাচনের সময় মন্ত্রিসভার আকার ছোট করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। তা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন,  “এমন আভাস এখনো পাইনি, সরকারের কোনো পলিসি মেকিং বডিতে এ ধরনের আলোচনা হয়নি।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য সেই সঙ্গে বলেন, “এটা আসলে প্রধানমন্ত্রীর ইচ্ছা, এটি তার বিষয়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে ১০ সদস্যর মন্ত্রিসভাও করতে পারেন।”

নির্বাচনের সময় আওয়ামী লীগের ক্ষমতায় থাকার বিধান যোগ হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার হুমকি রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির।

ওবায়দুল কাদের বলেন, “সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই নির্বাচন হবে, এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, সংবিধানের বিষয় এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই।”

তিনি বলেন, ক্ষমতায় থাকলেও নির্বাচনের সময় সরকার শুধু ‘রুটিন ওয়ার্ক’ করবে। গুরুত্বপূর্ণ নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না।