‘কর্মকর্তাদের বাড়ি পাঠানোর হুমকি রাষ্ট্রদ্রোহিতা’
সরকার একদলীয় নির্বাচনে বাধ্য করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ‘হুমকি’ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সরকারের এ ধরনের আচরণ ‘বেআইনি ও রাষ্ট্রদ্রোহিতামূলক’।
“আমরা সংবাদপত্রে দেখেছি, গতকাল (বুধবার) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সাহেব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকার থাকবে। এই সময় পর্যন্ত বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের কাজ করতে হবে। যারা সরকারের নির্দেশনা মানবে না, তাদের কপালে দুঃখ আছে। ওইসব কর্মকর্তাদের বাড়িতে চলে যেতে হবে।”
এর সমালোচনায় রিজভী বলেন, “এ থেকে স্পষ্ট হয়ে গেছে, সরকার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ধমক দিয়ে দেশে একটি একদলীয় নির্বাচন করার চেষ্টা করছে।”
ফাইল ছবি
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের জন্য তারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে।
“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি ও ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, নির্দলীয় সরকারের বিল সংসদে নিয়ে আসুন। নইলে আপনাদের চরম মূল্য দিতে হবে।”
২৪ অক্টোবরের মধ্যে সরকার নির্দলীয় সরকারের দাবির বিষয় ফয়সালা না করলে ‘জনগণকে সঙ্গে নিয়ে’ বিএনপি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ার করেন রিজভী।
সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি সংসদের চলমান অধিবেশনেই এ বিষয়ে বিল আনার দাবি জানিয়েছে।
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে রিজভী বলেন, “সরকারের নতাজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এমন বক্তব্য দিচ্ছে যা বাংলাদেশর সার্বভৌমত্বের প্রতি হুমকির শামিল।”
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সমালোচনায় এই বিএনপি নেতা বলেন, “আমাদের দীপু মনি কবি জীবনানন্দ দাসের ‘সোনালী ডানার চিল’ এর মতো সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। বিএসএফের বিষয়ে তিনি নির্বিকার।”
অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, মহানগর সদস্য আবদুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, হাজী মুজিবুর রহমান, রফিক শিকদার সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
