অস্থিরতার জন্য মন্ত্রী দায়ী: বিএনপি
পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের এক মন্ত্রীর ‘কর্মকাণ্ডকে’ দায়ী করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত ও সুচতুরভাবে দেশি-বিদেশি চক্রান্ত চলছে।
“রানা প্লাজাসহ বিভিন্ন ঘটনার পর সম্প্রতি হঠাৎ করে একমন্ত্রী আবির্ভূত হলেন। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের ঢাকায় এনে বৈঠক করলেন। তারই ফলশ্রুতিতে এই অরাজকতা সৃষ্টি করা হয়েছে।”
গত শনিবার ঢাকায় সমাবেশে যোগ দিতে বাধা পাওয়ার অভিযোগ এনে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা।
ওই সমাবেশ থেকে শ্রমিক নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবির সঙ্গে একাত্মতা জানান। তবে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ন্যূনতম বেতন তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেছে।
এ নিয়ে মঙ্গলবার চতুর্থদিনের মতো গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছে।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অর্থনীতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য এখন ওই মন্ত্রীর নেতৃত্বে এই শিল্পকে ধ্বংস করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।”
শ্রমিক ও মালিকদের নিয়ে গার্মেন্টস শিল্পে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ‘স্বল্প’ সময়ের মধ্যে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান মির্জা ফখরুল।
শ্রমিক অসন্তোষ নিরসনে সোমবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দুই দফা বৈঠক করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান।
রাতে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ যথাযথ পাওনা পরিশোধে মালিকরা অঙ্গীকার করেছে। আমি আশা করছি, শ্রমিকরা আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করবেন।”
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে ‘১৯৭৩ সালের ভোট ডাকাতের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা ক্ষমতায় থাকতে গণতন্ত্রের মুখোশ পরে ভেতরে ভেতরে এক নায়কতন্ত্র কায়েমে কাজ করে চলেছে।
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, সহসভাপতি আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, প্রয়াত রাজনৈতিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রোমিন ফারহানা, মুক্তিযুদ্ধের সংগঠক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে সুপ্রিম কোর্টের নবীন আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক এম ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
