‘সংঘাত হলে দায়ী হাসিনা-খালেদা’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
শনিবার বিকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে সিপিবি-বাসদ আয়োজিত জনসভায় তিনি বলেন, “শেখ হাসিনা বলছেন তার অধীনেই নির্বাচন হবে। আর খালেদা বলছেন তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নির্বাচন হতে দেবেন না।
“এ অবস্থায় সংঘাত সৃষ্টি হলে শেখ হাসিনাকেই জনগণ দায়ী করবে। আর দায় খালেদা জিয়াও এড়াতে পারবেন না।”
আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বেরিয়ে পরিণত হয়েছে খন্দকার মুশতাক-তাহেরউদ্দিন ঠাকুরের আওয়ামী লীগে। এ কারণে মানুষ তাদের সিটি নির্বাচনে ভোট দেয়নি মন্তব্য করেন তিনি।
“মানুষ আজ এই আপদের হাত থেকে বাঁচার জন্য বিএনপি-জামায়াত নামক বিপদের দিকে যাচ্ছে।”
সিপিবির রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ নাসেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
