২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যানুপাতিক পদ্ধতি চান এরশাদ

মোট ভোটের অনুপাতে সংসদে দলের আসন বণ্টনের পক্ষে নিজের মত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:44 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

বর্তমান নির্বাচন পদ্ধতি পরির্বনের দাবি জানিয়ে শনিবার জাতীয় নাট্যশালায় এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এই প্রস্তাব দেন।

এরশাদ বলেন, “আনুপাতিক ভোটের হারের ওপর ভিত্তি করে জাতীয় সংসদে আসন বরাদ্দ করার পদ্ধতি চালু করতে হবে। মানুষ ব্যক্তিকে নয় বরং দলকে ভোট দেবে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো দল কত শতাংশ ভোট পাবে তার ওপরে নির্ভর করে সংসদে তার প্রতিনিধি দেয়া হবে। যদি কোনো দল এক শতাংশ ভোট পায়, তাহলে সংসদে তার আসন হবে তিনটি।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে সব রাজনৈতিক দলই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ওই অনুষ্ঠানে বক্তব্যে সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পাঠানোর সমালোচনাও করেন এরশাদ।

“স্বাধীনতার এত বছর পরেও আমরা রাজনৈতিক বিষয়গুলোতে এক হতে পারি না। কী লজ্জা যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে।”

রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লড়াইয়ের কারণে পুরো দেশ ‘অসুস্থ’ হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন এরশাদ।

“রাজনৈতিক নেতারা শুধু ক্ষমতার লড়াই চালাচ্ছেন। তাদের একটাই চিন্তা, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। তাই তারা অন্য কোনো বিষয়েই খোঁজ-খবর রাখেন না।”

“হ্যোল কান্ট্রি ইজ সিক। কিছু খাওয়া যায় না। মাছের বাজারে মাছ নাই, কারণ ফরমালিন। বিদেশে গিয়ে কলা খেতে হয়। অথচ আমার দেশের কলা আমি খেতে পারি না। খুব দুঃখ লাগে।”

‘গ্রাম ডাক্তারদের’ চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “এটা যে কোনো সরকারের দায়িত্ব। আমি বললে তো এখন হবে না। রাষ্ট্রপতি থাকলে এখনি বলতাম, হয়ে যেত।”

তবে ভবিষ্যতে পুনরায় ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা জানিয়ে এরশাদ বলেন, “সেদিন আর দূরে নয়, সুদিন আবার আসতে পারে। দেশের মানুষ দুই দলের ওপরে বিরক্ত। সাধারণ মানুষকে দেখার কেউ নেই। তারা পরিবর্তন চায়।”