বিএনপি এলে জঙ্গিবাদও আসবে: জয়
বিএনপি ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদ ফিরে আসবে- এ আশঙ্কা করছেন সজীব ওয়াজেদ জয়।
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি বলেন, “যদি বিএনপি ফিরে আসে তাহলে জঙ্গিরা আবার ফিরে আসবে। তারা লাইন ধরে অপেক্ষা করছে। তারা ফিরে এসে আবার বোমা হামলা করবে।”
রোববার বেলা পৌনে ৩টার দিকে জয় ময়মনসিংহ সার্কিট হাউজে পৌঁছান। পরে বিকালে মুক্তাগাছা পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে পথসভায় বক্তব্য দেন তিনি।
জয় বলেন, “আওয়ামী লীগের সময় গত সাড়ে চার বছরে দেশে একটিও বোমা হামলার ঘটনা ঘটেনি। আমরা সন্ত্রাস নির্মুল করেছি। আপনারা শান্তিতে বসবাস করতে পারছেন।”
সরকারের ধারাবাহিক উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, “বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের যে ১৪ হাজার স্বাস্থ্য কেন্দ্র কেরেছি তা বন্ধ হয়ে যাবে। প্রত্যেক ইউনিয়নের যে সাড়ে ৪ হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র করেছি তা বন্ধ হয়ে যাবে। আমরা যে বিদ্যুত্ উত্পান দ্বিগুণ কিরেছি তাও বন্ধ হয়ে যাবে।
“গত জোট সরকারের সময় এক মেগাওয়াটও বিদ্যুত্ উত্পাদন বাড়েনি। আমরা সেটা দ্বিগুন করেছি।”
প্রধানমন্ত্রীর ছেলে জয় দেশ থেকে মঙ্গা দূর হয়েছে দাবি করে বলেন, “আগে মানুষে গড় আয়ু ছিলো ৬৫ বছর। এখন সেটা ৭০ এ পৌঁছেছে। তার মানে মানুষ ভালো আছে, সুস্থ্য আছে। আগে মানুষ মঙ্গায় মারা যেতো। গত সাড়ে ৪ বছরে একটা লোকও মঙ্গায় মারা যায়নি।”
আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নৌকায় ভোট দিন, উন্নয়ন ধরে রাখুন। আপনাদের কাছে ওয়াদা চাই, নৌকায় ভোট দিন দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো।”
বিকাল সোয়া ৫টায় পথসভা শেষ করে জয় ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিশেষ নিরাপত্তায় গণভবন থেকে রওনা হন তিনি।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই জয়ের এই সফর বলে জানিয়েছেন আয়োজকরা।
