চট্টগ্রাম আ. লীগের খবর নিলেন জয়
চট্টগ্রামে সাংগঠনিক অবস্থার খোঁজ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার সকালে তরুণদের সঙ্গে মতবিনিময়ের আগে চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি।
বৈঠকে জয় সাংগঠনিক অবস্থা জানা ছাড়াও আগামী সংসদ নির্বাচনে জয়ী হতে নিজ নিজ এলাকায় কাজ করার পরামর্শও দেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
এছাড়া বিএনপি-জামায়াতের ‘অপপ্রচারের’ জবাব দিতে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শও দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও নগর কমিটির নেতা আ জ ম নাছির উদ্দিন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীপুত্রআওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বাচনের আগে নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি দূর করার পরামর্শও দিয়েছেন।”
আগামী মাসে নগরীর আউটার স্টেডিয়ামে তরুণদের একটি জনসভাতে অংশ নেয়ার আমন্ত্রণও জানানো হয়েছে জয়কে।
চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেন, জয় এতে সায় দিয়েছেন এবং পরবর্তীতে এটি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন।
ওই জনসভায় তরুণদের বেশি করে সম্পৃক্ত করার ওপরও জয় জোর দেন।
