২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের মনোভাব দেখে সংসদে যাওয়ার সিদ্ধান্ত’

নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম দিন সংসদে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 01:55 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

দলের জ্যেষ্ঠ সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলছেন, তাদের দাবির বিষয়ে সরকারের মনোভাব পর্যবেক্ষণ করেই তারা অধিবেশনে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় মওদুদ বলেন, ‘‘আজ আমরা অধিবেশনে যাচ্ছি না। তবে আমরা সংসদ বর্জন করিনি। সংসদে যেতে চাই।’’

বৃহস্পতিবার বিকালে শুরু হতে যাওয়া এই অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে। তবে ২৪ অক্টোবর মেয়াদ শেষের আগে আরেকটি অধিবেশন বসার জল্পনাও রয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি চলতি অধিবেশনেই সংবিধান সংশোধনের দাবি জানিয়েছে।

অন্যদিকে বর্তমান সংবিধান অনুসরণ করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষপাতি আওয়ামী লীগ বিএনপিকে সংসদে এসে প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়ে আসছে।

টানা ৮৩ দিন অনুপস্থিতির পর গত ৩ জুন সংসদে যোগ দেয় বিএনপিসহ বিরোধী দল। ২৪ কার্যদিবসের ওই অধিবেশনে বিরোধী দল উপস্থিত ছিল ২১ দিনই, ভাষণ দিয়েছিলেন বিরোধীদলীয় নেতাও।

ওই অধিবেশনের আগে ‘কেয়ারটেকার ব্যবস্থা পুনর্বহালের’ দাবি জানিয়ে বিএনপির একজন সংসদ সদস্য মুলতবি প্র¯—াব দিলেও পরে তা প্রত্যাহার করে নেন, যার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

নির্দলীয় সরকারের বিষয়ে বিএনপি সংসদে আর কোনো প্রস্তাব দেবে না জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, “আমরা কখনোই সংসদে নতুন কোনো প্রস্তাব দেব না। নির্বাচনকালীন সময়ে অন্তবর্তী নির্দলীয় সরকারের বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে।”

সরকারকে তিনি হুঁশিয়ার করেন, “এখনো সময় আছে, আমরা সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ করতে চাই। এই সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত আছে। তাই সরকার সংলাপের উদ্যোগ নিলে আমরা সাড়া দেব।”

আর তা না হলে ‘সংঘাতের পথে যাওয়া ছাড়া’ বিকল্প থাকবে না বলে হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।

খালেদা জিয়া ও তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন, স্বদেশ জাগরণ পরিষদের প্রধান কামরুজ্জামান সেলিম আলোচনা সভায় বক্তব্য দেন।

পুরনো খবর:

রাজনৈতিক উত্তাপের মধ্যে বসছে সংসদ