২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়েও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলাবে: বিএনপি

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিউ ইয়র্ক সফরের মতো নির্বাচন নিয়েও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 09:32 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত জানানোর পরদিন বুধবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সরকারি কোনো ভাষ্য না এলেও সোম ও মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর বাতিলের খবর প্রকাশ ও প্রচার করেছিল।

তা ধরে মঙ্গলবার বিকালে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের প্রশ্নের ভয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর বাতিল করেছেন।

এরপর রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন শেখ হাসিনা।

এর পরিপ্রেক্ষিতে মোশাররফ বলেন, “আমরা বুঝি তিনি (প্রধানমন্ত্রী) ভালো অবস্থায় নেই। জাতিসংঘের সিদ্ধান্ত যেভাবে তিনি পাল্টেছেন, ওইভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অবস্থান থেকে সরে এসে তাকে  নির্দলীয় সরকারের গণদাবির কাছে মাথা নত করতে হবে।”

পঞ্চদশ সংশোধনের পর সংবিধানের বর্তমান ধারা অনুসারে সংসদ বহালে রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এতে আপত্তি জানিয়ে আন্দোলনরত বিএনপি নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে। 

সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ার করে বলেন, “সরকার যদি নির্দলীয় সরকারের দাবি না মানে তাহলে লাগাতার কর্মসূচি দিয়ে সেই দাবি প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না।

“যদি একতরফা নির্বাচন করতে সরকার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, তার সব দায়-দায়িত্ব তাদের ওপর বর্তাবে।”

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “নরসিংদীর জনসভায় আমাদের নেত্রী বলেছেনে, ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়া হয়েছে।”

মির্জা ফখরুল নতুন সম্প্রচার নীতি প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করে বলেন, “অনলাইনে যেসব পত্রিকা প্রকাশ হয়, এই নীতি দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হবে। কেউ যেন সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে, সেজন্য এই নীতি প্রণয়ন করা হচ্ছে।

এর মাধ্যমে সরকার বাক স্বাধীনতা হরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ দলে ত্যাগীদের মূল্যায়নের আহ্বান জানান।

“ওয়ান-ইলেভেনের সময়ে খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্থায়ী কমিটির একজনকেও আমি পাশে পাইনি। দলের অনেক সদস্য ছিলেন। তাদের মধ্যে মাত্র নয়জন মহিলা সংসদ সদস্য ও ছয়জন পুরুষ সংসদ সদস্য বিবৃতিতে সই দিয়েছিলেন।”

“আর এখন এত নেতা যে, তারা কনুই দিয়ে আমাদের সরিয়ে দেন।”

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “দলের ভেতরে একটি চক্রের ষড়যন্ত্রে ১/১১ এসেছিল। এখনো ওই চক্র চক্রান্ত করছে, বিএনপিকে বেকাদায় ফেলে নির্বাচনে নিয়ে যেতে। আমাদের দুর্ভাগ্য, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিইনি।”

ওয়ান-ইলেভেনের সময়কার ‘সংস্কারপন্থীদের’ দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “চক্রান্তকারীদের ব্যাপারে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ তাদের দলের চক্রান্তকারীদের ক্ষমা করেছে, তবে মনে রেখেছে। আর আমরা ক্ষমাও করেছি, মনেও নেই। এই হচ্ছে পার্থক্য।”

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুও সভায় বক্তব্য রাখেন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাচ্ছেন
প্রশ্নের ভয়ে জাতিসংঘে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: বিএনপি