২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণদাবিতে সংবিধান ছাড়াও অনেক কিছু হয়’

সংবিধান সংশোধন করা হোক বা না হোক, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে বলে দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

বুধবার সকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, অতীতেও গণ আন্দোলনের মুখে সংবিধান ছাড়াও ‘অনেক কিছু’ হয়েছে।

সরকার সমঝোতায় না এলে ‘রাজপথের আন্দোলনে’ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা পাবে বলেও ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেছেন মওদুদ।

তিনি বলেন, “সংবিধান সংশোধন করা হোক আর না হোক নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে।’’

সুষ্ঠু নির্বাচন হলে ‘পরাজয় অবধারিত’ জেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সংবিধানের কথা বলে ‘ধূম্রজাল’ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন মওদুদ।

সংবিধান অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী  নির্বাচন হবে, যা নিয়ে বিরোধী দলের আপত্তি।

সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই আগামী নির্বাচন হবে। 

নব্বইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরশাসক এইচ এম এরশাদের পদত্যাগের সময় উপরাষ্ট্রপতির দায়িত্বে থাকা মওদুদ সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, “ওই সময়ে আমি পদত্যাগ করার পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হলো। এটা সংবিধানে ছিলো না। ওই সময়ে জনগণের দাবির মুখে তা  করতে হয়।”

১৯৯৬ সালে নির্দলীয় সরকারের দাবিতে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের আন্দোলনের কথাও মনে করিয়ে দেন বিএনপির এই সাবেক মন্ত্রী।

“বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়ে বলেছিলেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। ওই সময়ে সংবিধানে নির্দলীয় সরকারের বিধান ছিল না। পরে জনগণের দাবির মুখে সংবিধানে নির্দলীয় সরকারের ব্যবস্থা আমরা সংযোজন করেছিলাম।”

মওদুদের ভাষায়,  “জনগণ হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে। সংবিধান ছাড়া অনেক কিছু হয়েছে, এগুলো তার উদাহরণ।”

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ১৯৯১ সালের নির্বাচনের পর অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ প্রধান বিচারপতির পদে ফিরে যান। সংবিধান সংশোধন করে এর পথ তৈরি করতে হয়েছিল।

“আমরা একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। নিদর্লীয় সরকারের রূপরেখা কি হবে, তা এখনই বলছি না। আমরা এমন একটি সরকার চাই, যে সরকার নির্দলীয় হবে; প্রশাসনও নির্দলীয় হতে হবে।’’

বর্তমান সরকারের ‘পছন্দসই লোকজন’ প্রশাসনে রয়েছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, তাদের অধীনে ‘কখনো’  সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

“দেশের জনগণ আজ প্রস্তুত হয়ে আছে। দেশনেত্রী ডাক দিলে তারা রাজপথে নামবে। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা সংবিধান সংশোধন না করলে রাজপথে আমরা এর ফয়সালা করব।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ফজলুর রহমান পটল আলোচনা সভায় বক্তব্য দেন।