আ.লীগ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত: হানিফ
সুষ্ঠ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ‘সর্বোচ্চ ছাড়’ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ।
বুধবার রাজধানীর কাওরান বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে যতটা ছাড় দেয়া দরকার, আমরা তা দিতে প্রস্তুত আছি।”
সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদ বা সংসদের বাইরে বিরোধী দলের আলোচনা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের দূরত্ব ঘোঁচাতে বিদেশিদের সংলাপের তাগিদ ও সংসদে বসতে বিএনপির আপত্তির মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রতিক্রিয়া এলো।
বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দিতেই হানিফের অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এক তরফা নির্বাচনে বিএনপি যাবে না- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “তারা সব সময় হুমকি দিয়ে আসছে। তাদের এই হুমকির কোনো যৌক্তিকতা নেই। আমরা সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে নির্বাচন করব। আশা করি বিএনপি এই নির্বাচনে অংশ নেবে।”
বিএনপি ইতোমধ্যে জানিয়েছে, নির্বাচনকালীন সরকার নিয়ে শিগগিরই তারা একটি রূপরেখা দেবে। তবে সংসদে এসে ওই রূপরেখা দেয়ার যে আহ্ববান ক্ষমতাসীন জোটের নেতারা জানিয়েছে, তাতে বিএনপির সাড়া মেলেনি।
হানিফ বলেন, “আগামীকাল থেকে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে। বিএনপি সংসদ অধিবেশনে প্রস্তাব বা রূপরেখা না দিলে সংসদ শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।”
সংসদ অধিবেশন শেষ হওয়ার পরও যদি বিএনপি প্রস্তাব দেয়, তখনও আলোচনা সম্ভব বলে হানিফ মনে করেন।
সংবিধান অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হওয়ার কথা। এর বিরোধিতায় বিএনপি নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা যাবেন না।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে। এর একটি রূপরেখা আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
দুই দলের অনড় অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির আশঙ্কায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে সংলাপ ও সমঝোতার তাগিদ দেয়া হচ্ছে।
বিএনপি আলোচনায় ‘রাজি’ জানালেও আওয়ামী লীগ নেতাদের সংসদে যাওয়ার প্রস্তাবে বিরোধী দলের নেতা এম কে আনোয়ার বলেছেন, সংসদে বিতর্ক হয়, ভোটাভুটি হয়, সেটা আলোচনার জায়গা নয়।
তার ওই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, “এমন একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে জনগণ এ ধরণের বক্তব্যে আশা করে না। এটা তার অজ্ঞতা ও অদূরদর্শীতা। সংসদই গণতন্ত্রিক সকল বিষয়ের আলোচনা ও সমাধানের স্থান।”
সরকার ও বিরোধী দল সংলাপ চাইলে উদ্যোগ কে নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, “সংলাপ নয়। আমরা আলোচনার কথা বলেছি। আলোচনার জন্য সংসদই উত্তম জায়গা।”
হানিফ আবারো বলেন, “আগামীকাল সংসদ অধিবেশন বসছে। আমি আশা করব এই অধিবেশনে বিরোধী যোগ দেবে এবং তাদের প্রস্তাব উত্থাপন করবে।”
বাংলাদেশে-ভারত সীমান্তে ভারতের চালকবিহীন বিমান (ড্রোন) মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব পেলে তারপর তারা মন্তব্য করতে পারবেন।
