২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাপিয়ার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল সভাপতির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ ৪৪ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, যুবদল সভাপতি ওবাইদুল ইসলাম পাঠান রোববার সন্ধ্যায় বিস্ফোরক আইনসহ কয়েকটি ধারায় মামলা দুটি দায়ের করেন।

এর একটিতে পাপিয়া ও স্থানীয় ১৯ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

অন্যটিতে পাপিয়ার নাম না থাকলেও আগের মামলার ১৮ জনসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করা হয়েছে।

তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে দল থেকে পাপিয়াকে বহিষ্কারের দাবিতে গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে ঝাড়ুমিছিল করে যুবদলের নেতা-কর্মীরা।

এরপর বিকাল ৫টার দিকে শহরের সার্কিট হাউস মোড়ে ওবাইদুলের ব্যবসা প্রতিষ্ঠান ইয়ামন এন্টারপ্রাইজে ধারালো অস্ত্র, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আর সন্ধ্যা ৭টার দিকে শহরের কাঁঠালবাগিচায় তার বাড়িতে দুর্বৃত্তরা হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পাপিয়ার নির্দেশেই ওই হামলা হয় বলে ওবাইদুল তার মামলায় উল্লেখ করেছেন।

সম্প্রতি পাপিয়ার একটি অডিও কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যাতে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে নিয়ে বিরূপ মন্তব্য রয়েছে বলে যুবদল নেতাদের অভিযোগ।

তবে পাপিয়া বলছেন, অডিওটেপের ওই কণ্ঠ তার নয়। তার ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হয়েছে।

মামলার বিষয়ে পাপিয়া বলেছেন, “সরকারের ষড়যন্ত্রের প্রথম অংশ হিসেবে আমার কণ্ঠ জালিয়াতি করে অডিও ক্লিপ ছাড়া হয়েছে। তাতে মানুষকে বিভ্রান্ত করতে না পেরে ষড়যন্ত্রের দ্বিতীয় অংশ হিসেবে তথাকথিত যুবদল নামধারীদের দিয়ে আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।”

পুরনো খবর:

কণ্ঠ জালিয়াতির অভিযোগ পাপিয়ার
পাপিয়ার বিরুদ্ধে যুবদলের ঝাড়ুমিছিল