না.গঞ্জে দু’পক্ষে সংঘর্ষে আহত ১৫
খালেদা জিয়ার নরসিংদীর জনসভায় গাড়ির বহর নিয়ে যাওয়ার সময় মহাসড়কের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, মহাসড়কের পাশে দাঁড়ানো নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয় বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।
আহতদের মধ্যে কয়েকজনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
