সংসদ রেখে নির্বাচন কঠিন হবে: আবু হাফিজ
সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে নির্বাচন ‘কঠিন’ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ।
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে বিরোধী দলের দাবির মধ্যে তার এই মন্তব্য এল, যদিও সরকারি দল সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখেই নির্বাচনের পক্ষপাতি।
অবসরপ্রাপ্ত আমলা আবু হাফিজ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সংসদ বহাল রেখে নির্বাচন করা ইসির জন্যে কঠিন হবে। তবে ভেঙে নির্বাচন হলে তা সহজ হবে।”
সংসদ ভেঙে দিলে কোন কাজটি সহজ হবে, তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি।
১৯৯৬ সালে সংযোজিত ওই পদ্ধতিতে নির্বাচনের আগে সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেয়া হত। নির্বাচনের তিন মাস ক্ষমতায় থাকত অনির্বাচিত ব্যক্তিরা।
রাজনৈতিক সঙ্কটের মধ্যে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গঠিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনের অভিজ্ঞতায় সংবিধান সংশোধন করে অনির্বাচিতদের ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করে আওয়ামী লীগ।
সংশোধিত সংবিধান অনুযায়ী, সংসদ বহাল রেখে নির্বাচিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থেকেই পরবর্তী সাধারণ নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে বিরোধী দল, সেই সঙ্গে সংসদ ভেঙে দেয়ার দাবিও তুলেছে তারা।
তবে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে সংবিধান অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানে অনড় অবস্থানের কথা জানিয়ে আসছেন সরকারি দলের নেতারা।
নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। সংবিধান অনুসারে নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের।
সংবিধান অনুসারে, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং তাতে সরকার ও সংসদ বহাল থাকবে।
তবে তা যদি না হয়, তাহলে সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।
দশম সংসদ নির্বাচন সংসদ বহাল রেখে হবে, না কি ভেঙে হবে- সে বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান আবু হাফিজ।
তিনি বলেন, সংসদ বহাল বা ভেঙে যাওয়ার বিষয় চূড়ান্ত হলে সামঞ্জস্যপূর্ণ আচরণবিধি প্রণয়ন করা হবে।
