২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে নির্বাচনের জন্য প্রস্তুত: সিইসি

সাংবিধানিক কাঠামোর মধ্যে যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

মঙ্গলবার কমিশন কার্যালয়ে নির্বাচন প্রস্তুতির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবিধান অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে।

সোমবার সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও ওই সময়ে সংসদ অধিবেশন বসবে না।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “সংবিধানে দেয়া টাইমফ্রেম অনুযায়ী যথাসময়ে নির্বাচন করার প্রস্তুতি রাখি। নির্বাচনের সব সময় প্রস্তুতি রয়েছে। ভোটের দিনের আগে ৩৫-৪৫ দিন সময় রেখেই তফসিল ঘোষণা করা হবে।”

কবে থেকে নির্বাচনকালীন ৯০ দিন গণনা শুরু হবে সে বিষয়ে জানতে চাইলে ‘কোনো সময়’ উল্লেখ করেননি তিনি।

কাজী রকিব জানান, সাধারণ নির্বাচনের জন্য ইসি ৯০ দিন সময় পায়। এছাড়া উপ নির্বাচনের মতো আকস্মিক যে কোনো নির্বাচনের আগেও সময় থাকে ৯০ দিন।

“ওই অবস্থায় নির্বাচনী প্রস্তুতির বাকি নেই আমাদের। আমরা সর্বদাই প্রস্তুত।”

গত এক বছর ধরেই দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি কাজ শুরু হয়েছে জানিয়ে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের মতো অন্যতম দুই অনুষঙ্গ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ চলছে, ভোটার তালিকা মুদ্রণও শুরু হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রস্তুতি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সিইসি।

নির্বাচনকালীন সংসদ বহাল থাকায় ‘মন্ত্রী-সংসদ সদস্য ও সব প্রার্থীদের জন্য’ সমান সুযোগ তৈরিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও কাজী রকিব জানান।