২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে সব কৌশলই প্রয়োগ হবে: ফখরুল

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের বিধান সংবিধানে যুক্ত করতে ‘সব ধরনের কৌশলই’ প্রয়োগ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান জনগণের জন্য। এটি কোরআন বা বাইবেল নয় যে এতে পরিবর্তন আনা যাবে না।

“আমাদের হাতে সময় বেশি নেই। এই দাবিতে সরকারকে বাধ্য করতে যত রকম কৌশল প্রয়োগ করার প্রয়োজন হবে, তা আমরা করব। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে তাদের বাধ্য করা হবে।’’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন ‘গণদাবি’ মন্তব্য করে ফখরুল বলেন, “সংবিধানের কথা বলে জনগণকে ভোলানো যাবে না। সংবিধানে পরিবর্তন আনতেই হবে।’’

যুব জাগপার প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়ার শুরুতে বুধবার গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন,‘‘ “নির্বাচন সংবিধান মোতাবেক হবে সেটাই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সংবিধান অনুযায়ী নির্বাচন কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। যাতে দেশ ও জাতিকে বার বার অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে না হয়।”

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, ‘‘ জনগণের আস্থা হারিয়ে নিজের অধীনে নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী এখন বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।”

এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ‘পদদলিত করতে চাইছেন বলে তিনি মন্তব্য করেন।

“তিনি জনগণের গলায় বেল্ট বেঁধে দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান।’’

১৯৯৫-৯৬ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ওই সময় তিনি ( শেখ হাসিনা) বলেছিলেন, বিএনপির অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। এখন তিনি ( শেখ হাসিনা) উল্টো গীত গাইছেন।’’

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তবে এতে নিরপেক্ষ ভোট হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি।

অন্যদিকে সরকার বলছে, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

এর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের অনেকেই সংসদে ফিরে আসতে পারবেন না। তাই ‘অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো’ নির্বাচনের ধুঁয়া তুলছেন প্রধানমন্ত্রী।’’

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ারও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

আওয়ামী লীগ ‘ভয়ঙ্কর দানবে’ পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘‘ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন পুলিশ-র‌্যাব ও অন্যান্য বাহিনীর ওপর নির্ভরশীল হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না।’’

সরকারের পররাষ্ট্রনীদির সমালোচনায় মির্জা ফখরুল বলেন, “সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে ব্যাপক ঢাকঢোল পিটিয়েছে। তিস্তা নদীর এক ফোটা পানিও আনতে পারেনি। সীমান্ত চুক্তি হয়নি। কোনো সমস্যার সমাধান তারা করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ভারতের সঙ্গে প্রেমের এতোই আচ্ছন্ন যে কিছু আনতে না পারলেও ট্রানজিট সুবিধা দিয়ে দিয়েছে।’’

যুব জাগপার সভাপতি ইনসানুল আলম আক্কাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহসভাপতি মহিউদ্দিন বাবুল, আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, এস এম মনিরুল ইসলাম মনির, মানিক সরকার, উজির হোসেন সেলিম, শাহরিয়ার বিপ্লব, শেখ ফরিদউদ্দিন পাটোয়ারি, নাজমুল হুদা, যুব জাগপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য দেন।