নির্দলীয় সরকার চাইলে নির্বাচনে আসুন: সুরঞ্জিত
নির্দলীয় সরকার পুনর্বহাল করতে হলে বিএনপিকে ‘অপেক্ষায়’ থাকতে বলেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীতে বুধবারে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হলে সরকার গঠন করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে পারবে।”
রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “বল এখন বিএনপির কোর্টে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সাংবিধানিক কাঠামোর মধ্যে কোন প্রস্তাব থাকলে তা বিএনপিকেই বলতে হবে। অবশ্যই সরকার তা বিবেচনা করবে।”
সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা।
সোমবার সচিবদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও এই সময় সংসদ অধিবেশন বসবে না।
অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।
বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, “বিএনপির অভিযোগ- আওয়ামী লীগ নির্বাচন দেবে না। মওদুদ সাহেব বললেন, আমরা ৯০ দিন ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। কেউ বলছেন, আমরা আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছি।
“এসব সম্পূর্ণরূপে গুজব, মিথ্যাচার এবং বিকৃতি। প্রধানমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন মাত্র। আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসে এবং যথাসময়ে জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর করে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।”
পঞ্চদশ সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার সবচেয়ে ভাল সুযোগ এখনই তৈরি হয়েছে। দেশে এখন একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।”
বিএনপির রাজনৈতিক কৌশলকে ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যায়িত করে সুরঞ্জিত বলেন, “তারা মুখে বলে নির্বাচন কমিশন আজ্ঞাবহ, আবার নির্বাচন কমিশনকে আজ্ঞায় নেয়ার জন্য তারা এমকে আনোয়ারকে পাঠায়। প্রধান নির্বাচন কমিশনারকে আজ্ঞায় নেয়ার জন্য বিরোধী দলীয় নেত্রী ফোনালাপ করেন।”
“তারা মুখে আন্দোলনের কথা বলেন, পেছনে নির্বাচনের প্রস্তুতি নেন। তাদের বক্তব্য হলো- নির্বাচন না আসা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না। এটা তাদের নেতিবাচক রাজনীতি।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সম্পাদক ফেরদৌস খান আলমগীর, চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান প্রমুখ।
