২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজশাহীতে জিতলে সারাদেশেই জিতবে আ.লীগ’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী অঞ্চলে জিততে পারলে সারাদেশেই আওয়ামী লীগ জিতবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ নাসিম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 09:47 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধান থেকে ‘একচুলও’ না নড়ে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, সংবিধান মেনে আগামী জানুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে তার প্রমাণ ইতোমধ্যে দেয়া হয়েছে। দেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

“অথচ বিএনপি সব নির্বাচনে জালিয়াতি করেছে। কাজেই নিরপেক্ষ নির্বাচন চাইলে সংবিধান মেনেই অন্তবর্তীকালীন সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।”

আগামী নির্বাচনে জয় পেতে হলে দলীয় কোন্দল ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি মীর ইকবাল, রফিক উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।