২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটমন্ত্রীর বিরুদ্ধে মামলা নাকচ

হত্যার হুমকি দেয়ার অভিযোগে পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী এক আইনজীবীর অভিযোগ নাকচ করে দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বরিশাল জেলা উত্তর বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা গাজী কামরুল ইসলাম সজল বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন।

বাদীর আইনজীবী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডবিধির ৫০৬ ধারায় আসামির শাস্তি চেয়ে আবেদনটি করা হয়।

সকালে শুনানি করার পর বিকালে আবেদনটি খারিজ করে দেন মহানগর হাকিম হাসিবুল হক।

মামলার আর্জিতে বলা হয়, “গত ১৬ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক শোকসভায় বিশেষ অতিথির বক্তৃতায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করা হবে’।”

সেদিনই বিভিন্ন টেলিভিশনে পাটমন্ত্রীর ওই বক্তৃতা প্রচার করা হয় এবং পরদিন বিভিন্ন পত্রিকায় তা প্রকাশ পায় বলেও আর্জিতে উল্লেখ করা হয়।

মামলার বাদী বলেন, তিনি নিজে জাতীয়বাদী দলের একজন সক্রিয় কর্মী। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ‘শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে’ তিনিও অংশ নেন।

কিন্তু লতিফ সিদ্দিকীর ‘হুমকির কারণে’ বাদী ও বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আর্জিতে উল্লেখ করা হয়।

পাটমন্ত্রীর ওই ধরনের বক্তব্যে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন কামরুল ইসলাম।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু কামরুল ইসলাম নিজে হরতাল ডাকেন না, সেহেতু তিনি কোনো হুমকির মুখে আছেন বলে আদালত মনে করেননি। এ কারণে তার আবেদন খারিজ হয়ে গেছে।

পুরনো খবর:

পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা