সংলাপের জন্য বিএনপি প্রস্তুত: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সংলাপ চায়, তবে তা হতে হবে নির্দলীয় সরকারের বিষয়ে।
মঙ্গলবার দুপরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের, “জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে টেলিফোনে কথা বলার পর আমরা বলেছি, সঙ্কট উত্তরণে সংলাপ কিংবা আলোচনায় আমরা প্রস্তুত আছি। ওই আলোচনা হতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে।’’
যে কোনো স্থানে এই সংলাপ হতে পারে মন্তব্য করে ফখরুল বলেন, “আমরা সবসময় সমঝোতার পক্ষে। সরকার সংলাপের উদ্যোগ নিলেই সঙ্কটের সমাধান হতে পারে। তবে সংলাপ করতে হলে কোনো বায়বীয় প্রস্তাবের সুযোগ নেই।”
নির্বাচনের আগেই সমঝোতা না হলে দ্রুত পরিস্থিতি সংঘাতের দিকে যাবে বলে সরকারকে সতর্ক করেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, আগামী দশম সংসদ নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই, যা নিয়ে আপত্তি তুলে আন্দোলন করে আসছে বিএনপি।
গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সংলাপের আহ্বান জানালেও সে সময় তাতে সাড়া দেয়নি বিরোধী দল। বরং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।
বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা তারা প্রতহিত করবে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়ে দিয়েছেন, সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না।
এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন। দুই নেত্রীকে তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “আগামী নির্বাচন নিয়ে সঙ্কট সরকারের সৃষ্টি। আমরা এর সমাধান চাই। কিন্তু এজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। সংখ্যগরিষ্ঠ দল হিসাবে সরকারি দলকেই সংলাপের প্রস্তাব দিতে হবে।”
সরকারের মেয়াদ কতটুকু, নির্বাচন সেই মেয়াদের আগে না পরের ৯০ দিনের মধ্যে, সংসদের মেয়াদ কতদিন, অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে- এসব বিষয়েও আলোচনা হতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দাবি করে তিনি বলেন, “আমরা এই দাবিতে আন্দোলনে আছি। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ এই আন্দোলনের পক্ষে ভোট দিয়েছে। এরপরও সরকারের যদি বোধদয় না হয়, তা হলে আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করবে।”
সোমবার গণভবনে ৬১ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। তারা (বিএনপি) হুমকি দিচ্ছেন, আমার অধীনে নির্বাচনে অংশ নেবেন না। বাংলাদেশের মানুষ আর কত কষ্ট ভোগ করবে? অনিশ্চয়তার মুখে থাকবে?”
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী এটা ঠিক বলেননি। ১৯৯৫-৯৬ ও ২০০১ সালে নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগই দেশে গোলযোগ সৃষ্টি করেছিল। ১৯৯৫-৯৬ সালে তারা নির্দলীয় সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। আমরা সংবিধান সংশোধনের জন্য ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম।”
প্রধানমন্ত্রী জনগণকে ‘বিভ্রান্ত করতে’ এরকম ‘অসত্য’ বক্তব্য দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
